দ্বিতীয় বিয়ের চার মাসেই ফের বিচ্ছেদ আবু ত্বহা আদনান ও সারার

দ্বিতীয় বিয়ের চার মাসেই ফের বিচ্ছেদ আবু ত্বহা আদনান ও সারার

ঢাকা দেশ জুড়ে

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মধ্যে আবারও বিচ্ছেদ ঘটেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটল। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক অশান্তি এবং মতবিরোধের কারণে তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। সাবিকুন্নাহার সারা বলেন, তারা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন এবং দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল।

তবে বিভিন্ন কারণে সেই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় বলে তিনি জানান।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন আবু ত্বহা আদনান ও সাবিকুন্নাহার সারা। প্রথম বিচ্ছেদের পর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উদ্যোগে তাদের মধ্যে পুনর্মিলন ঘটে এবং তারা নতুনভাবে সংসার শুরু করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।
উল্লেখ্য, এর আগে পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পরিবারের মধ্যস্থতায় তারা আবারও একসঙ্গে জীবন শুরু করেছিলেন।

রংপুরের ইসলামী বক্তা আবু ত্বহা আদনান অনলাইনে ধর্মীয় আলোচনা করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। ২০১৭ সাল থেকে নিয়মিত বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ঘটনাও তাকে দেশব্যাপী আলোচনায় নিয়ে আসে। পরে আট দিন পর তিনি রংপুরে ফিরে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এটি ব্যক্তিগত কারণে আত্মগোপনের ঘটনা ছিল।

এদিকে, এই দম্পতির দ্বিতীয়বার বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।