পর্তুগালে ট্রেনের ধাক্কায় মির্জাপুরের যুবক নি'হ'ত, আ'হ'ত ৪ বাংলাদেশি

পর্তুগালে ট্রেনের ধাক্কায় মির্জাপুরের যুবক নি’হ’ত, আ’হ’ত ৪ বাংলাদেশি

প্রবাস

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৫) নামে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দেশটির স্থানীয় সময় বিকেলে আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নাল হক। নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে।

তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। মাত্র ১০ দিন আগে উন্নত জীবনের আশায় পর্তুগালে পাড়ি জমান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বাংলাদেশি অভিবাসীকে বহনকারী একটি মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়িটি রেললাইনের পাশের সড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ সরকার।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ১১টি জরুরি যানবাহন, বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগ। আহত চার বাংলাদেশিকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পর্তুগিজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল বা সময় সম্পর্কে অসতর্কতার কারণে মাইক্রোবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মির্জাপুরের ভাওড়া ইউনিয়নসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া এক যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।