ইরানে নতুন হা'ম'লা'র প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

ইরানে নতুন হা’ম’লা’র প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

আন্তর্জাতিক

শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ার পর ইরানে নতুন করে জোরালো সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই অভিযান আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যবিষয়ক দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপর থেকেই শর্ত ও পাল্টা শর্তের কারণে চুক্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী সম্ভাব্য নতুন অভিযানের প্রস্তুতি শুরু করেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনই চূড়ান্ত ভূমিকা রাখবে।

নিউইয়র্ক টাইমস জানায়, ইরানের সামরিক স্থাপনা ও অবকাঠামোতে আরও জোরালো হামলার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার বিষয়ও আলোচনায় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া, ইরানের পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধার করতে বিশেষ বাহিনী ব্যবহারের মতো উচ্চঝুঁকির সামরিক অভিযানের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ বা সামরিক অভিযান পরিচালনায় বড় ধরনের ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানের স্থলবাহিনীর প্রতিরোধের মুখে ব্যাপক প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। এখন মার্কিন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসরায়েল।