ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত অগ্রগতি না হলে ইরানের ‘আর কিছুই অবশিষ্ট থাকবে না’।
রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি মন্তব্য করেন, “ঘড়ির কাঁটা টিক-টিক করছে। ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।”
ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত সমঝোতায় পৌঁছানো জরুরি।
এর আগে গত শুক্রবার (১৫ মে) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়, তাহলে তিনি সেই প্রস্তাব বিবেচনা করতে পারেন।
চলতি সংকটের মধ্যেই ট্রাম্প একাধিকবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার আগে তিনি বলেছিলেন, চুক্তি না হলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’। এছাড়া চলতি সপ্তাহে তিনি দাবি করেন, তেহরানের দাবিগুলো প্রত্যাখ্যান করার পর যুদ্ধবিরতি এখন ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ রয়েছে।
অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কোনো সুস্পষ্ট ছাড় দেয়নি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির দাবি, ওয়াশিংটনের অনমনীয় অবস্থান আলোচনাকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে আলোচনা এগিয়ে নিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের জেরে ইরানের নিয়ন্ত্রণে থাকা এই প্রণালিতে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দামও বৃদ্ধি পেয়েছে।
