ব্যাংকেও আগামী শনিবারের ছুটি বাতিল

ব্যাংকেও আগামী শনিবারের ছুটি বাতিল

অর্থনীতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে চালু থাকবে।

এসব শাখায় অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।