জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জাতীয়

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ মে) সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে এই সময়ের মধ্যে ঈদ থাকায় কিছু কর্মসূচি এক-দুই দিনের বিরতি দিয়ে পালন করা হতে পারে।

তিনি আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় এসে বিএনপি তাদের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে এবং বিভিন্ন জেলায় জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

রিজভী দাবি করেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি উদাহরণ হিসেবে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন, যা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন।

এছাড়া তিনি বলেন, রাজনৈতিক সমালোচনা থাকলেও বিএনপির জনকল্যাণমুখী কর্মসূচির কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে না।

জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছিলেন এবং স্বল্প সময়ে জাতিকে হতাশা থেকে আশার দিকে নিয়ে গিয়েছিলেন। একই ধারায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।