প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনে। সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাময় খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনে বিশেষভাবে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যদিকে, হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হলেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ভবিষ্যতে আরও কার্যকর নেতৃত্ব দিতে প্রস্তুত।
