জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং গণতন্ত্রের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, যা দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, অভিভাবক ও সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার নিজ জেলায় প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সফর করছেন।
স্পিকারের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি দেশের উন্নয়নে গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্যতার ওপর জোর দিয়েছেন।
