এবারের পবিত্র হজ মৌসুমে সৌদি আরবের মক্কা নগরী পরিণত হতে যাচ্ছে বিশ্বের নানা ভাষার এক বিশাল মিলনমেলায়। আরবি ছাড়াও বাংলা, উর্দু, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফার্সি, ইংরেজি, ফরাসি ও সোয়াহিলিসহ বিভিন্ন ভাষার শব্দে মুখর থাকবে পবিত্র এই নগরী।
সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মক্কা নগরীতে তৈরি হবে এক অনন্য বৈচিত্র্য, যা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে তাওয়াফ, দোয়া ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।
হজযাত্রীদের সুবিধার্থে ভাষাগত বাধা দূর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের ব্যবস্থাপনায় খুতবা ১০টি ভাষায় একযোগে অনুবাদ করা হচ্ছে। এসব অনুবাদ ‘মানারাত আল-হারামাইন’ প্ল্যাটফর্ম এবং এফএম রেডিওর মাধ্যমে সরাসরি শোনা যাবে।
এছাড়া ৫০টিরও বেশি ভাষায় দিকনির্দেশনা ও ধর্মীয় তথ্য প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে ওয়্যারলেস হেডফোন এবং ডিজিটাল গাইড কার্ড। মসজিদুল হারামের ভেতরে বসানো হয়েছে বহুভাষিক সাইনবোর্ড, ইলেকট্রনিক ডিসপ্লে এবং বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি।
হজ মৌসুমে নিয়োজিত বহুভাষিক স্বেচ্ছাসেবক ও ফিল্ড টিমও হাজিদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং ধর্মীয় নির্দেশনা প্রদানে সহায়তা করছে। এতে করে হজযাত্রীরা আরও সহজ ও নিরাপদভাবে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারছেন।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ শুধু ভাষাগত সহায়তা নয়, বরং ইসলামের বার্তা ও হজসেবাকে বিশ্বের মুসলমানদের কাছে আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার অংশ।
