এসএসসি ফলাফল প্রস্তুতির শেষ ধাপে, ২৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হতে পারে সব কার্যক্রম

এসএসসি ফলাফল প্রস্তুতির শেষ ধাপে, ২৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হতে পারে সব কার্যক্রম

আন্তর্জাতিক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ফলাফল প্রস্তুতের সব কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন হতে পারে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই, নম্বর সংকলন এবং জিপিএ নির্ধারণসহ প্রায় সব প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রস্তুত করার লক্ষ্য রয়েছে। এরপর ফল প্রকাশের সময় ও তারিখ নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, বোর্ডের প্রস্তুতি শেষ হলেও ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে।

বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতেই উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। কোনো ধরনের গ্রেস মার্ক, অতিরিক্ত নম্বর বা বিশেষ সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি। ফলে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সম্পূর্ণভাবে তাদের উত্তরপত্রের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও আনুষ্ঠানিক ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন।