সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই, মেরিন সিটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ার-এর আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একইসঙ্গে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শাহরিয়ারকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের সব আয়কর রিটার্ন ও রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন উল্লেখ করে দুদক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
জানা গেছে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুদক বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় হারুন অর রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকার এবং তার ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
