আইসিসির সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে: ইরানের অভিযোগ

আইসিসির সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র হুমকি দিচ্ছে: ইরানের অভিযোগ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরানের দাবি, ইরান ও ইসরায়েল-সংক্রান্ত তদন্ত শুরুর আগেই হেগভিত্তিক আদালতের কার্যক্রম দুর্বল করার চেষ্টা করছে ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, আইসিসির সঙ্গে সহযোগিতা বন্ধে সদস্য দেশগুলোর ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র।

গারিবাবাদির দাবি, নিষেধাজ্ঞা, ভিসা বাতিলের হুমকি এবং রাজনৈতিক চাপের মাধ্যমে দেশগুলোকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ আন্তর্জাতিক বিচারব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইরানের এই অভিযোগ এমন এক সময় সামনে এলো, যখন এর একদিন আগে মার্কিন প্রশাসন ঘোষণা দেয় যে তারা হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালটিকে ‘পদ্ধতিগতভাবে অকার্যকর’ করার লক্ষ্যে কাজ করবে।

এরই মধ্যে আইসিসির প্রধান কৌঁসুলিসহ আদালতের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সর্বশেষ অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।