বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বুধবার (২০ মে) কোম্পানিটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত প্রসপেক্টাস জমা দিয়েছে। খবরটি জানিয়েছে বিবিসি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী জুনেই প্রযুক্তিভিত্তিক শেয়ার বাজার নাসডাক (NASDAQ)-এ ‘SPCX’ টিকারে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হতে পারে। এই আইপিওকে ওয়াল স্ট্রিট ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ার অফারিং হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে প্রায় ৪০ থেকে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়েছে। নথিতে স্পেসএক্সের সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ১.৭৫ ট্রিলিয়ন ডলার।
আইপিও ঘোষণার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এতে তিনি ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দিকেও এগিয়ে যেতে পারেন। বর্তমানে তার মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলারের বেশি।
প্রকাশিত নথিতে স্পেসএক্সের আর্থিক চিত্রও উঠে এসেছে। গত বছর কোম্পানিটির আয় ছিল ১৮.৭ বিলিয়ন ডলার হলেও নেট লোকসান হয়েছে প্রায় ৪.৯ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম তিন মাসেও বড় অঙ্কের লোকসান দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ, স্টারশিপ রকেট উন্নয়ন এবং মঙ্গল অভিযানের মতো উচ্চাভিলাষী প্রকল্পে বিপুল বিনিয়োগের কারণেই এই লোকসান।
আইপিও ফাইলিংয়ে আরও জানা যায়, স্পেসএক্সের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০২ বিলিয়ন ডলার এবং ঋণ রয়েছে ৬০.৫ বিলিয়ন ডলার।
বিশ্ববাজারে স্পেসএক্সের এই আইপিও প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
