ন্যাটো মহাসচিবের বক্তব্য প্রত্যাখান করলেন ট্রাম্প

ন্যাটো মহাসচিবের বক্তব্য প্রত্যাখান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।

সম্মেলনে ট্রাম্পের পাশে বসা ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দিতে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর থেকে ৫ হাজারেরও বেশি বিমান উড্ডয়ন করেছিল।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে ইউরোপ কার্যত একটি বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

তবে মহাসচিবের এ বক্তব্যের সঙ্গে একমত হননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য তাদের সব সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

এ ছাড়া ইতালির ভূমিকাও সমালোচনা করেন ট্রাম্প। তার অভিযোগ, যুদ্ধকালীন সময়ে সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইতালি “খুবই খারাপ” ভূমিকা পালন করেছে।

ট্রাম্পের এসব মন্তব্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা এবং জোটের সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।