সুন্দরবনের বনদস্যু ‘সুমন বাহিনী’র সাত সদস্য কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (২১ মে) কোস্টগার্ডের মাধ্যমে তাদের আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
আত্মসমর্পণের সময় বনদস্যুদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আত্মসমর্পণ করা সদস্যরা হলেন— সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও মাহফুজ মল্লিক (৩৪)। তাদের মধ্যে ছয়জন বাগেরহাটের মোংলা উপজেলার এবং একজন রামপাল উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল।
কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে যারা দস্যুবৃত্তি অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
