রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দাখিল করা হলে মামলার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।
তিনি আরও জানান, রামিসার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যেই পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে, যার ফলে ঈদের পর দ্রুত বিচার কার্যক্রম শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশাও পূরণ হবে।
আইনমন্ত্রী বলেন, সরকার রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।
