যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চলমান সংকট নিরসনে শুরু থেকেই বাংলাদেশ উত্তেজনা প্রশমন, সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে ইতিবাচক অগ্রগতির এই ধারা বজায় রেখে অবশিষ্ট সমস্যাগুলো সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে এ সমঝোতা সহায়ক ভূমিকা পালন করবে।
