মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করায় 'মন ভালো নেই' বাংলার ট্রাম্পের: ইরান

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করায় ‘মন ভালো নেই’ বাংলার ট্রাম্পের: ইরান

আন্তর্জাতিক

ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে একটি মহিষ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। নাম তার ‘ট্রাম্প’। তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন, বরং বাংলাদেশের একটি মহিষ— যার চেহারা ও বিশেষ করে মাথার লোমের স্টাইলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মিল খুঁজে পেয়েছেন অনেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষকে ঘিরে দেশ-বিদেশে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও টেলিগ্রাফসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে ‘ট্রাম্প’ নামের এই মহিষের গল্প।

এ সুযোগ হাতছাড়া করেনি রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসও। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দূতাবাসটি রসিকতা করে লিখেছে, “বেচারা মহিষ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মন ভালো নেই বাংলাদেশের মহিষ ট্রাম্পের।”

ভাইরাল হওয়ার পর মহিষটিকে এক নজর দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে অতিরিক্ত ভিড় ও কৌতূহলের কারণে প্রাণীটি কিছুটা অস্বস্তিতে রয়েছে বলে জানা গেছে। এমনকি আগের তুলনায় খাবার গ্রহণও কমে গেছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রাম্পের মতো চুলের ধরন ও মুখাবয়বের মিলের কারণেই মহিষটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে মহিষটির নাম রাখেন। কারণ হিসেবে তিনি বলেন, মহিষটির মাথার লোমের ধরন ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে বেশ মিল রয়েছে।

আসন্ন ঈদুল আজহায় কয়েক দিনের মধ্যেই মহিষটি কোরবানি করা হতে পারে বলেও জানা গেছে।