ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডভর্তি ট্রাক উল্টে নি'হ'ত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডভর্তি ট্রাক উল্টে নি’হ’ত ১৫

ঢাকা দুর্ঘটনা দেশ জুড়ে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রডভর্তি একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।