দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

অর্থনীতি

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।

শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের মতে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের রূপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রূপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

বৈশ্বিক বাজারে মূল্য পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার কারণে নিয়মিতভাবে স্বর্ণের দাম সমন্বয় করে থাকে বাজুস।