বিশ্বকাপের মেগা আসর মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা ওড়ানো এখন খুবই পরিচিত দৃশ্য।
তবে অতি-উৎসাহী হয়ে যুক্তরাজ্যের (ইউকে) কড়া আইনি নিয়ম না মেনে পতাকা ওড়ালে কপালে জুটতে পারে বড় অঙ্কের জরিমানা! আইনের মারপ্যাঁচে এই খেসারতের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ৪ লাখ টাকা (২,৫০০ পাউন্ড) পর্যন্ত পৌঁছাতে পারে।
ব্রিটিশ আইন অনুযায়ী, পতাকাটি যদি বাড়ির ছাদে লাগানো থাকে, তবে যেকোনো আকারের পতাকাই ওড়ানো যাবে। তবে শর্ত একটাই—পতাকাটি যেন নিরাপদভাবে এবং ভালো অবস্থায় টানানো থাকে। আসল ঝামেলাটা বাধে অন্য জায়গায়।
যুক্তরাজ্যের ‘টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং রেগুলেশনস (২০০৭)’-এর নিয়ম অনুযায়ী, পতাকাটি যদি ছাদ ছাড়া বাড়ির অন্য কোনো অংশে—যেমন জানালা, বারান্দা বা দেওয়ালে ঝুলানো হয়, তবে তার সর্বোচ্চ আকারের ওপর কিছু আইনি বিধিনিষেধ রয়েছে। এমনকি পতাকাটি যদি কোনো নির্দিষ্ট পতাকাদণ্ডে ওড়ানো হয়, তবুও তার আকার কোনোভাবেই দুই মিটারের বেশি হতে পারবে না।
নিয়ম অনুযায়ী, স্থানীয় কাউন্সিল যদি নিয়মবহির্ভূত কোনো পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং বাড়ির মালিক যদি তা অমান্য করেন, তবে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হতে পারে।
এমনকি নির্দেশ অমান্য করে পতাকাটি ঝুলিয়ে রাখলে প্রতিদিনের জন্য আরও ২৫০ পাউন্ড করে অতিরিক্ত জরিমানা যোগ হতে পারে। তবে হুট করেই কাউন্সিল এই জরিমানা করবে না। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে প্রথমে একটি আনুষ্ঠানিক অনুরোধ বা ‘এনফোর্সমেন্ট নোটিশ’ পাঠানো হয়। সেই নোটিশ অনুযায়ী পতাকা নামিয়ে ফেললে বা আকার ছোট করে নিলে কোনো জরিমানা ছাড়াই বিষয়টি মিটে যায়।
