সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯২ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন শিশু।
গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও ৯২ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৭৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে ৬১ হাজার ২৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
