৭ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

৭ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আইন-আদালত

ঢাকা ও টাঙ্গাইলে দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সাতটি মামলার মধ্যে চারটি ঢাকায় এবং তিনটি টাঙ্গাইলে দায়ের করা হয়েছে। এসব মামলায় বর্তমানে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

এর আগে, গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।