বিশ্বকাপে ভিসা বিতর্ক: যুক্তরাষ্ট্রের পক্ষে ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্বকাপে ভিসা বিতর্ক: যুক্তরাষ্ট্রের পক্ষে ফিফা সভাপতি ইনফান্তিনো

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দেশের খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা জটিলতা এবং নিষেধাজ্ঞা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যে স্বাগতিক দেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফিফা কোনো রাজনৈতিক সংস্থা নয় এবং কোনো দেশের সরকারি সিদ্ধান্ত বা আইন পরিবর্তন করার ক্ষমতাও তাদের নেই।

বুধবার (১০ জুন) মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরুর আগের দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ফিফা সবসময় সমস্যার সমাধানে কাজ করে, তবে কোনো দেশের সরকার, পুলিশ প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্দেশ দেওয়ার ক্ষমতা তাদের নেই।

তিনি বলেন, “আমরা সবসময় যেকোনো সমস্যার সমাধানের চেষ্টা করি। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমরা বিশ্বের রাজা নই। কোনো দেশের সরকার বা প্রশাসনের সিদ্ধান্তের ওপর গিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমরা একটি ক্রীড়া সংস্থা এবং আমাদের সামর্থ্যের মধ্যে থেকেই সর্বোচ্চ চেষ্টা করি।”

সম্প্রতি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। পরে বাধ্য হয়ে তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেয় ফিফা। তবে এ বিষয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি ইনফান্তিনো।

এদিকে সংবাদ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, বিশ্বকাপ উপলক্ষে শুধুমাত্র ‘সঠিক ব্যক্তিদের’ যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করতে তার প্রশাসন কাজ করছে।

ভিসা সংক্রান্ত বিতর্ক নিয়ে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়ে ইনফান্তিনো বলেন, এ ধরনের পরিস্থিতিতে ধৈর্য ও সংযম জরুরি। তার মতে, কোনো সমস্যা দেখা দিলেই তড়িঘড়ি করে প্রতিক্রিয়া দেখানো বা উচ্চস্বরে সমালোচনা শুরু করলে অনেক সময় সমাধানের পথ আরও জটিল হয়ে পড়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ভিসা ও প্রবেশাধিকার ইস্যুতে আলোচনা চললেও ফিফা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে বলে জানান তিনি।