২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মরক্কোর খেলোয়াড়দের পারফরম্যান্সকে বিশ্বমঞ্চে উজ্জ্বল উল্লেখ করে তিনি বলেন, আলজেরিয়ার খেলার ধরন অনেকটাই মরক্কোর মতো। দ্রুতগতির আক্রমণভাগ এবং সংগঠিত দলগত খেলার কারণে তারা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
স্কালোনি বলেন, আলজেরিয়া একটি দুর্দান্ত দল, যাদের আক্রমণে গতি আছে। তাদের সম্মান করতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে, কারণ তারা ম্যাচ কঠিন করে তুলতে সক্ষম।
তিনি আরও বলেন, মরক্কোর মতোই আলজেরিয়াও শক্ত প্রতিদ্বন্দ্বী, যেখানে ভালো খেলোয়াড় এবং একজন দক্ষ কোচ আছেন, যিনি দলটিকে ভালোভাবে পরিচালনা করছেন।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের স্মৃতি টেনে স্কালোনি জানান, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা শুরু থেকেই সতর্ক থাকবে। তবে তিনি মনে করেন, প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটি কখনোই পুরো টুর্নামেন্টের ফল নির্ধারণ করে না।
আর্জেন্টিনা কোচ বলেন, দল মানসিকভাবে শান্ত আছে এবং তারা চাপমুক্ত থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে চায়।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।
