বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলা জেলায়। জেলাটিতে এই হার ৩ দশমিক ৫০। অন্যদিকে, দেশের মধ্যে সর্বনিম্ন প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, মাত্র ১ দশমিক ৫০।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের ৩১৭ পৃষ্ঠায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর সর্বোচ্চ প্রজনন হার রয়েছে মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশাল জেলায় এ হার ২ দশমিক ৯০।
অন্যদিকে, তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় মোট প্রজনন হার ১ দশমিক ৭০।
আর সর্বনিম্ন অবস্থানে থাকা বাগেরহাটে এ হার ১ দশমিক ৫০। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল বিভাগে প্রজনন হার সবচেয়ে বেশি, ২ দশমিক ৬০। চট্টগ্রাম বিভাগে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনা বিভাগে ২ দশমিক ০০।
প্রতিবেদনে বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক উল্লেখযোগ্য পার্থক্যের তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত নারীর হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৫৭ দশমিক ৪ শতাংশ। বিপরীতে, এ হার সবচেয়ে কম সিলেটে, মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ।
বাল্যবিবাহের হারের দিক থেকে জয়পুরহাটের পর রয়েছে সাতক্ষীরা, যেখানে ১৫ থেকে ১৯ বছর বয়সী বর্তমানে বিবাহিত নারীর হার ৫৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।
