বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার সফরে যাচ্ছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
পরে বেলা সোয়া ১০টার দিকে তিনি সিলেট পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।
সফরসূচি অনুযায়ী, মৌলভীবাজার পৌঁছে দুপুর ১টায় শ্রীমঙ্গলে এবং বিকেল ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এরপর বিকেলে তিনি দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রামের পর রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
তার সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
