বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ ও প্রবীণ স্কোরার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ১৯৮৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট স্কোরার হিসেবে কাজ শুরু করেন আব্দুর রউফ। দীর্ঘ প্রায় চার দশক ধরে তিনি দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হয়ে অসংখ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্কোরারের দায়িত্ব পালন করেন তিনি।
মাঠের বাইরে নির্ভুল পরিসংখ্যান সংরক্ষণ এবং ম্যাচ পরিচালনায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেট অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
