ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন রায়ান স্টুয়ার্ট। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সিঙ্গাপুর।
ম্যাচের শুরুতে বেশ গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে বল দখলে সিঙ্গাপুর কিছুটা এগিয়ে থাকলেও প্রথম দিকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিরতির আগে আক্রমণের গতি বাড়িয়ে দেয় সিঙ্গাপুর।
৩৩তম মিনিটে বাংলাদেশের বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। তবে দুর্দান্তভাবে সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এর দুই মিনিট পরই অবশ্য গোল হজম করে বাংলাদেশ। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। তার গোলেই এগিয়ে যায় সিঙ্গাপুর এবং ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে সিঙ্গাপুর। একের পর এক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা।
৫৭তম মিনিটে শেখ মোরছালিনকে তুলে মিনহাজুল করিমকে মাঠে নামানো হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় মিনহাজুলের।
ম্যাচের বাকি সময়ে বাংলাদেশও সমতা ফেরানোর চেষ্টা করে। তবে সিঙ্গাপুরের রক্ষণভাগ ভেঙে গোলের মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় সিঙ্গাপুর।
এই হারের ফলে ফিফা আসিয়ান কাপের পরের পর্বে বাংলাদেশের ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
