চলতি বছরের মধ্যেই তুরস্ক ও চীন সফরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এসব সফর হবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচির অংশ।
শুক্রবার (১৯ জুন) ম্যারিল্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প নিজেই এই সফরের পরিকল্পনার কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর রয়েছে। খুব শিগগিরই আমি তুরস্কে যাচ্ছি। এরপর চলতি বছরের শেষ দিকে বেইজিংয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আবারও চীন সফর করব।
তিনি আরও জানান, এই সফরের আগে আগামী সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসবেন।
অনুষ্ঠানে বৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি ইরান সংকটের সময় চীনের ভূমিকার প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছিলাম যেন ইরান ইস্যুতে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ না করে। তিনি সেই অনুরোধ রক্ষা করেছেন এবং চীন এই সংকটে যুক্ত হয়নি। এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং আমি তার নেতৃত্বের প্রশংসা করি।
