ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, সম্প্রতি রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতা হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
একই ঘটনায় ডেভিড ইমনের সহযোগী মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে চাঁদাবাজি ও টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
