‘দ্য ফ্যামিলি ম্যান’-এর জন্য প্রথম পছন্দ ছিলেন না মনোজ

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর জন্য প্রথম পছন্দ ছিলেন না মনোজ

বিনোদন

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নতুন সিজনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সামনে এলো চমকপ্রদ তথ্য। সিরিজটির পরিচালক রাজ নিদিমোরু জানিয়েছেন, শুরুতে এই সিরিজের প্রধান চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীকে ভাবা হয়নি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুতে তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীকে মাথায় রেখেই গল্পটি তৈরি করা হয়েছিল। তখন এটি ওয়েব সিরিজ নয়, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল।

তিনি জানান, “আমাদের প্রথম পছন্দ ছিলেন চিরঞ্জীবী। তাকে ভেবেই গল্পটি লেখা হয়েছিল। পরে বিভিন্ন কারণে পরিকল্পনা পরিবর্তন হয় এবং এটি ওয়েব সিরিজে রূপ নেয়।”

২০১৯ সালে মুক্তির পর ‘দ্য ফ্যামিলি ম্যান’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে মনোজ বাজপেয়ীর অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়। পরে সিরিজে যোগ দেন সামান্থা রুথ প্রভু, জয়দীপ আহলাওয়াত ও নিমরত কৌরের মতো তারকারা, যারা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেন।

পরিচালক আরও জানান, তৃতীয় সিজনের পর গল্প শেষ হচ্ছে না। ইতোমধ্যে চতুর্থ সিজনের কাজও শুরু হয়েছে, ফলে দর্শকদের জন্য সামনে আরও বড় চমক অপেক্ষা করছে।