১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

নতুন বিধান অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট এবং এক্স (সাবেক টুইটার)-কে আগামী ১২ মাসের মধ্যে তাদের প্ল্যাটফর্মে কঠোর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে শিশুদের লক্ষ্য করে ট্র্যাকিংভিত্তিক বিজ্ঞাপন ও আচরণভিত্তিক প্রোফাইলিং বন্ধ করতে হবে।

ইউএই সরকারের নির্দেশনায় বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সীদের কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুমোদন করা হবে না। বর্তমানে থাকা অ্যাকাউন্টগুলোকেও নিষ্ক্রিয় করতে হবে। এমনকি অভিভাবকের অনুমতি বা অ্যাকাউন্ট ব্যবহার করেও এই বয়সসীমার নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে না।

বয়স যাচাইয়ের জন্য সরকারি ডিজিটাল আইডি, পরিচয়পত্র যাচাই, বায়োমেট্রিক প্রযুক্তি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স নির্ধারণ পদ্ধতি ব্যবহার করতে হবে। শুধুমাত্র ব্যবহারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে বয়স নির্ধারণ গ্রহণযোগ্য হবে না।

তবে ১৫ থেকে ১৬ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য সীমিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ থাকবে। তাদের ক্ষেত্রে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, অপরিচিতদের সঙ্গে যোগাযোগ সীমিত করা, মেসেজিং ও লাইভস্ট্রিমিংয়ে বিধিনিষেধ এবং কনটেন্ট সুপারিশ ব্যবস্থায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে।

নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ইউএইর জাতীয় গণমাধ্যম কর্তৃপক্ষ এবং টেলিযোগাযোগ ও ডিজিটাল সরকার নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রশাসনিক জরিমানা, আংশিক নিষেধাজ্ঞা কিংবা প্রয়োজন হলে সম্পূর্ণ কার্যক্রম স্থগিত করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইউএই সরকার জানিয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপদ ডিজিটাল পরিবেশ এবং বাস্তব জীবনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য সচেতনতামূলক গাইডলাইন, প্যারেন্টাল কন্ট্রোল ও স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে সহায়ক বিভিন্ন উপকরণও সরবরাহ করা হবে।