মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিয়োগ এবং কাগজপত্রহীন বাংলাদেশি অভিবাসীদের বৈধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ নিরসনে দেশটির সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে (আসিয়ান) বাংলাদেশের যোগদানের আগ্রহের কথাও তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মালয়েশিয়ার আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর এবং দুটি নোট বিনিময় করা হয়।
১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।
