বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখতে অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে—আইএমও নির্ধারিত রুট অনুসরণ করে সব ধরনের বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ এই করিডোর ব্যবহার করতে পারবে।
ওমান সরকারের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক আইন মেনে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করিডোর ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের ট্রানজিট ফি আরোপ করা হবে না বলেও জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, এই পদক্ষেপ তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
অস্থায়ী নৌ করিডোর ব্যবহার করতে আগ্রহী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও শিপিং কোম্পানিগুলোকে আগাম আইএমও এবং সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে হরমুজ প্রণালি কেন্দ্রিক অনিশ্চয়তা কিছুটা কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
