ইরানের এখনও হামলার সক্ষমতা আছে, তবে খুব বেশি নয়: ট্রাম্প

ইরানের এখনও হামলার সক্ষমতা আছে, তবে খুব বেশি নয়: ট্রাম্প

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেলেও দেশটি এখনও হামলা চালানোর সক্ষমতা রাখে।

শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রে ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের এখনও এক ধরনের সংঘাত চলছে। তাদের কিছু সামরিক সক্ষমতা রয়েছে, তবে তা খুব বেশি নয়। তারা কোনো কিছুই জয় করতে পারছে না। তবুও তারা এখনও হামলা চালাতে পারে।”

তিনি দাবি করেন, সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি বড় কার্গো জাহাজে ইরান হামলা চালিয়েছে। ওই হামলায় চারটি ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, এর মধ্যে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি ড্রোন জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র।

হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।