পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত ১৮৮টি ফিরতি ফ্লাইটে মোট ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।
এ বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন, ফ্লাইনাসের ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, চলতি হজ মৌসুমে ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।
