ড্রোন হামলায় ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

ড্রোন হামলায় ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে পরিচালিত ড্রোন হামলায় দেশটির বিমান বাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের একটি ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, নজরদারি ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, মিকোলাইভ অঞ্চলের দুটি পৃথক সামরিক ঘাঁটিতে মিগ-২৯ যুদ্ধবিমান দুটি পার্ক করা ছিল। ঠিক সেই সময় দূরপাল্লার ‘ল্যানসেট’ কামিকাজে ড্রোন দিয়ে সুনির্দিষ্ট হামলা চালানো হয়।

প্রকাশিত ভিডিওতে হামলার পর যুদ্ধবিমান দুটিতে বিস্ফোরণ এবং আগুনের সঙ্গে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মিগ-২৯ ইউক্রেনীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান। পশ্চিমা যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার আগে রাশিয়ার বিরুদ্ধে এই সোভিয়েত আমলের যুদ্ধবিমানই ব্যাপকভাবে ব্যবহার করে আসছিল ইউক্রেন।

তবে রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি প্রকাশিত ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।