ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পরিকল্পনা তুলে ধরা ওই ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ৩০৩ মিলিয়নের (৩০ কোটির বেশি) ভিউ পেয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি আগের ৩০০ মিলিয়ন ভিউয়ের রেকর্ডও অতিক্রম করেছে। এমন সময় এ দাবি সামনে এলো, যখন নয়াদিল্লির জন্তর মন্তরে পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদি আরেকটি ভিডিও প্রকাশ করে তরুণদের ধন্যবাদ জানান। ভিডিওর শুরুতেই তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা’। তিনি ইতিবাচক প্রতিক্রিয়া ও গঠনমূলক পরামর্শের জন্য তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রকাশিত সেলফি ভিডিওতে মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, এ ধরনের অনিয়ম ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বর্তমানে ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে।
মোদি জানান, গত আড়াই মাসে সরকার পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যেও দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও ঘোষণা করেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইনি ব্যবস্থা প্রণয়ন করা হবে। পরবর্তী ভিডিও বার্তায় মোদি বলেন, তরুণদের সঙ্গে এই সংলাপ তাকে আরও অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের মতামত সরকার ও নাগরিকদের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
