চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের

চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনার পর ইরানের বিভিন্ন স্থানে নতুন করে সামরিক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর অব্যাহত হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কিকু’-কে লক্ষ্য করে একমুখী আক্রমণকারী ড্রোন পাঠিয়ে ইরান সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে যুক্তরাষ্ট্রের দাবি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতের আলি আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে, সাম্প্রতিক এই হামলার পর উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।