বাংলালিংক চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলালিংক চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি ইন্টারনেট সেবার মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজিটাল সেবার সুফল পৌঁছে দিতে সাশ্রয়ী ইন্টারনেট ও প্রযুক্তি নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির বিস্তার এবং নাগরিকদের জন্য সহজ ও কার্যকর ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।