ব্রাজিলের কামব্যাকের নেপথ্যে 'মাস্টারমাইন্ড' আনচেলত্তি

ব্রাজিলের কামব্যাকের নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ আনচেলত্তি

খেলাধুলা

জাপানের বিপক্ষে নাটকীয় জয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের ৯৬তম মিনিটে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২৪ বছর পর বিশ্বকাপে পিছিয়ে পড়েও জয় পাওয়ার কীর্তি গড়ে ব্রাজিল। তবে দলের সবাই যখন শেষ মুহূর্তের জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন, তখন ডাগআউটে ছিলেন একেবারেই শান্ত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। গোলের পর তার নির্বিকার অভিব্যক্তি নিয়ে শুরু হয় আলোচনা।

ম্যাচ শেষে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল তার।

তিনি বলেন, “অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। এ নিয়ে ওর সঙ্গে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি। কারণ, তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।”

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন আনেন আনচেলত্তি। লুকাস পাকেতার বদলে এন্ড্রিককে মাঠে নামিয়ে ৪-২-৪ ফরমেশনে খেলতে শুরু করে ব্রাজিল। সেই পরিবর্তনই ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত জয় এনে দেয় সেলেসাওদের।

ম্যাচ শেষে কোচের প্রশংসা করেন জয়সূচক গোলদাতা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

তিনি বলেন, “কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টারমাইন্ড কোচের অধীনে খেলতে পারাটা দারুণ সৌভাগ্যের। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর ড্রেসিংরুমে তিনি আমাদের শান্ত করেন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন আনেন। তিনি আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, আর তার পরিকল্পনাই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে।”

গোলের পর কেন কোনো উদযাপন করেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিল কোচ।

আনচেলত্তির ভাষায়, “ডাগআউটে দাঁড়িয়ে থাকার সময় আমি অনুভব করছিলাম আমার পা কাঁপছিল। শেষ কবে এতটা চাপের মধ্যে ছিলাম, তা মনে নেই। সেই কারণেই মার্টিনেল্লির গোলের পরও ঠিকমতো উদযাপন করতে পারিনি।”

শেষ ষোলোতে ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। প্রতিপক্ষ নির্ধারিত হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের ফলাফলের পর।