ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্প পরিবারের আয় দেড় বিলিয়ন ডলারের বেশি: রয়টার্স

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্প পরিবারের আয় দেড় বিলিয়ন ডলারের বেশি: রয়টার্স

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট ব্যবসা থেকে দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত ২০২৫ সালের আর্থিক বিবরণীতে দেখা যায়, ট্রাম্প ও তার ছেলেদের সহ-প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে প্রায় ৮০ কোটি ডলার আয় হয়েছে। এর মধ্যে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে ৫২ কোটি ডলারের বেশি এবং মালিকানার অংশ বিক্রি করে ২৫ কোটি ডলারের বেশি আয় এসেছে। এছাড়া ট্রাম্প মিম কয়েন বিক্রি করে আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প পরিবার বিভিন্ন ক্রিপ্টো প্রকল্প থেকে অন্তত ২৩০ কোটি ডলার আয় করেছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের শিল্পবান্ধব নীতির ফলে তার পরিবার পরোক্ষভাবে লাভবান হয়েছে। তবে হোয়াইট হাউস এ অভিযোগ অস্বীকার করেছে।

ক্রিপ্টো খাত ছাড়াও ২০২৫ সালে গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে আইনি নিষ্পত্তি, বিদেশি আবাসন প্রকল্পে নামের লাইসেন্স এবং গলফ ক্লাব ও রিসোর্ট ব্যবসা থেকেও উল্লেখযোগ্য আয় করেছেন ট্রাম্প।