আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে, অবাক করা ভবিষ্যদ্বাণী ইস্ট তিমুরের প্রেসিডেন্টের

আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে, অবাক করা ভবিষ্যদ্বাণী ইস্ট তিমুরের প্রেসিডেন্টের

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার উদীয়মান দল কেপ ভার্দে। কাগজে-কলমে লিওনেল স্কালোনির দলই ম্যাচের স্পষ্ট ফেভারিট। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কারজয়ী হোসে মানুয়েল রামোস-হোর্তা। আর্জেন্টিনা কিংবা কেপ ভার্দে—কোনো দেশেরই রাষ্ট্রপ্রধান না হয়েও আফ্রিকান দলটির জয়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। তার দাবি, চলতি বিশ্বকাপে এই ম্যাচেই প্রথম পরাজয়ের মুখ দেখবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং জয় নিয়ে মাঠ ছাড়বে কেপ ভার্দে।

নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে রামোস-হোর্তা বলেন, কেপ ভার্দের খেলোয়াড়দের বিশেষ খাদ্যাভ্যাস, কঠিন ভৌগোলিক পরিবেশে বেড়ে ওঠা এবং মানসিক দৃঢ়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। তার ভাষ্য, কেপ ভার্দিয়ানদের জনপ্রিয় খাবার ‘কাচুপা’, যেখানে ভুট্টা, শিম, মাংসসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে বড় হওয়ার কারণে কেপ ভার্দের মানুষ স্বাভাবিকভাবেই অধিক সহনশীল। পাশাপাশি ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস ও আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা তাদের মানসিক শক্তিও দলটির সাফল্যে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

রামোস-হোর্তার মতে, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এবারের বিশ্বকাপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তিনটি ড্র করে তারা প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা দলটির সামনে এখন কেপ ভার্দের চ্যালেঞ্জ। বিশ্বকাপের এই বহুল প্রতীক্ষিত রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়। এখন দেখার বিষয়, রামোস-হোর্তার সাহসী ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়, নাকি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের ফেবারিটের মর্যাদা ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করে।