জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম।
অভিযোগটি গতকাল শুক্রবার (৩ জুলাই) সকালে সংগঠনটির তিনজন নেতা শাহবাগ থানায় জমা দেন। বিষয়টি শনিবার (৪ জুলাই) জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার-সংক্রান্ত হওয়ায় প্রয়োজনীয় তদন্তের জন্য এটি গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতি এবং আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা।
এ বিষয়ে তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
