বিশেষ চাহিদাসম্পন্ন হোক কিংবা স্বাভাবিক শিশু—কোনো শিশুকেই শিক্ষার বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক দিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিক পর্যন্ত সর্বস্তরের মানুষকে একই সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। শিশুদের মানবিক গুণাবলিসম্পন্ন করে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে বলেও জানান জাহিদ হোসেন। এসব প্রতিষ্ঠানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিকসেবা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার বিষয়টি তুলে ধরা হয়।
শিশুদের এসব সমস্যার কথা শুনে মন্ত্রী দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদ, এসওএস চিলড্রেন ভিলেজ, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
