ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানে মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। এ উপলক্ষে শহরের মেট্রো নেটওয়ার্কে একদিনেই ৭০ লাখের বেশি যাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিম প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত তেহরান মেট্রোতে মোট ৭০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। স্বাভাবিক সময়ের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, এই বিপুল যাত্রীচাপের প্রধান কারণ ছিল খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর ইমাম খোমেনি মোসাল্লা প্রাঙ্গণে তার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে অংশ নিতে দেশজুড়ে মানুষের ঢল নামে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বও উপস্থিত রয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এতে রাজধানীর সড়কে যানজট কমানোর পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হয়েছে।
