বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সোমবার (৬ জুলাই) থেকে দেশটির শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যেই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার আশা করছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থাপনায় কর্মীদের বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া খুব শিগগিরই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক খবর আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, এবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে সিন্ডিকেট, অতিরিক্ত ব্যয় ও দুর্নীতি কমিয়ে স্বচ্ছতার সঙ্গে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন এই ব্যবস্থায় শ্রমিক নিয়োগ আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে আইনি জটিলতা দূর করে আবারও শ্রমবাজার চালুর ঘোষণা আসে।
