তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতে বর্তমান সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম বিশ্বজুড়ে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুয়া তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডস নতুন নীতিমালা ও কাঠামো প্রণয়নের মাধ্যমে কাজ করছে। তিনি এ বিষয়ে তার দেশের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
