২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা ইসমাইল সাইবারি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচের আগে কোচ মোহাম্মদ উয়াহাবি জানান, কানাডার বিপক্ষে পাওয়া চোট থেকে সাইবারি পুরোপুরি সেরে ওঠেননি। তবে সেমিফাইনালে উঠতে পারলে তার ফেরার আশা রয়েছে।
সম্প্রতি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সাইবারি এবারের বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শটও নিয়েছিলেন তিনি।
সাইবারির অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে পারেন কানাডার বিপক্ষে গোল করা স্ট্রাইকার সুফিয়ান রাহিমি। কোচ উয়াহাবি জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনাল নয়, ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠা।
